নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২২
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে নেত্রকোণার মদন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছে; তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার।
আহতরা হলেন- জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) এবং সাইফুল (৪০)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) এবং হুমায়ূন কবীরকে (৪৫) আশঙ্কাজনক অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের বিরোধ চলছিল। এক মাস আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিন সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন ঘোষ বলেন, “সংঘর্ষে আহত ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
