শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্তির দাবি, রাবিতে মানববন্ধন
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডের মানববন্ধন থেকে এই দাবি জানান।
বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডের মানববন্ধন থেকে এই দাবি জানান।
এ সময় তারা ‘যোগ্যতা আছে, প্রাপ্যতা নাই; লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, ‘ট্রান্সপারেন্সি, সার্ভিস কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন এভরিহোয়্যার’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া জামান বলেন, “বর্তমানে এমন একটি সময় চলছে যখন অধিকার না চাইলে তা পাওয়া যায় না। পূর্ববর্তী প্রজন্ম এবং লোকপ্রশাসন বিভাগের সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অধিকার আদায়ে সফল হতে পারেননি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ রাজপথ ছাড়ব না। বৈষম্যের কারণে যদি একটি সরকারের পতন ঘটানো সম্ভব হয়, তাহলে এই সামান্য দাবি আদায়েও তারা সফল হব।”
প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম রহমান বলেন, “আমরা এখানে বিসিএস শিক্ষা ক্যাডারে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে দাঁড়িয়েছি। কিন্তু সরকার কীভাবে অন্তর্ভুক্ত করবে তা সরকার জানে। কিন্তু লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতেই হবে।”
