১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 01:03 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

কক্সবাজার সমুদ্র সৈকত তীরবর্তী ঝাউ গাছ থেকে স্থানীয় এক সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের গলফ মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান।

মৃত ২৫ বছর বয়সী মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

সি-সেফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ ওসমান বলেন, সকালে ঝাউবাগানে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা সদর থানায় খবর দেন। পরে পুলিশ দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, “আমিনের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকেট পাওয়া গেছে, টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিলো।

“তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষনিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।”

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।