নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে জানায় র্যাব।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, সিপিসি নাটোর ক্যাম্পের অধিনায়ক মো. ফরহাদ হোসেন জানান।
গ্রেপ্তার ফিরোজ আহমেদ (৪৮) গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
র্যাব জানায়, “বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে ফিরোজ আহমেদ প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ১ অক্টোবর সকালে ওই শিক্ষার্থীকে কৌশলে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তিনি। বিষয়টি স্থানীয়দের কাছে জানতে পেরে ছাত্রীর মা বাদী হয়ে ওই প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অপহরণ মামলা করেন।
“পরদিন গুরুদাসপুর থানা পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। একদিন পর অর্থাৎ ২ অক্টোবর আদালতে জবানবন্দি দেন ওই শিক্ষার্থী।”
এরপর আসামিরা আত্মগোপনে চলে যান বলে প্রেস ব্রিফিংয়ে জানান মো. ফরহাদ হোসেন।
স্থানীয় লোকজন ফিরোজের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত ৩ অক্টোবর মানববন্ধন করেন।
এদিকে, গত সোমবার ফিরোজ আহমেদকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
