২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তল্লাশি এড়াতে ট্রেনে ঢাকা যাচ্ছেন গাজীপুরের বিএনপি নেতা-কর্মীরা

ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন নেতা-কর্মীরা। ছাদে বসে স্লোগান দিতে দিতে যাচ্ছেন তারা।

তল্লাশি এড়াতে ট্রেনে ঢাকা যাচ্ছেন গাজীপুরের বিএনপি নেতা-কর্মীরা

ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন নেতা-কর্মীরা। ছাদে বসে স্লোগান দিতে দিতে যাচ্ছেন তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 01:15 PM

Updated : 28 Oct 2023, 01:15 PM

ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশি তল্লাশি এবং পরিবহনের সংকট থাকায় ট্রেনে চড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে ঢাকায় যাচ্ছেন গাজীপুরের বিএনপি নেতা-কর্মীরাও।

শনিবার ভোর থেকেই জয়দেবপুর জংশনে ঢাকামুখী বিভিন্ন ট্রেনে তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন নেতা-কর্মীরা। ছাদে বসে স্লোগান দিতে দিতে যাচ্ছেন তারা।

এখনো স্টেশনে অপেক্ষা করছেন অসংখ্য যাত্রী। তাদের মধ্যে বিএনপি ও জামায়াতের কর্মীরাও রয়েছে। ট্রেন থামলেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে যাচ্ছেন তারা। ঝুঁকি নিয়ে ট্রেনের দরজায়ও ঝুলে থাকতে দেখা যায় অনেককে।

যাত্রীদের সঙ্গে কথা বলে দেখা যায় তারা অধিকাংশই ঢাকায় বিএনপির সমাবেশের যাত্রী। সাধারণ রেলযাত্রীদের সঙ্গে মিশে ঢাকা যাওয়াকে নিরাপদ মনে করায় সকাল থেকে গাজীপুর ও আশপাশের এলাকা থেকে স্টেশনে অবস্থান নিয়েছেন তারা।

ট্রেন যাত্রী গাজীপুরের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তিনি জেলা বিএনপির কর্মী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের নির্দেশে ঢাকা যাচ্ছি। মহাসড়কে তল্লাশি আছে এজন্য ট্রেনে যাচ্ছি। আমাদের অনেকেই শুক্রবারই চলে গেছে। আমরা ২০ জন ট্রেনে যাচ্ছি। আমাদের মতো হাজার হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে বিভিন্ন পথে সমাবেশে যাচ্ছে।”

অপরদিকে বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে ঘিরে শুক্রবার দুপুর থেকেই  ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়নসিংহ মহাসড়কে গণপরিবহণ অনেকটাই কমে যায়।

স্বাভাবিকের চেয়েও যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়েন দুই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। এছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে বসানো চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

Image

মহাসড়কের বিভিন্ন স্থানে বসানো চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।

গাজীপুর মহানগর ট্র্যাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের ট্র্যাফিক বিভাগ থেকে কোথাও চেকপোস্ট বসানো হয়নি।

“যেগুলো রয়েছে তা সংশ্লিষ্ট থানার আওতায় পরিচালিত হচ্ছে। আমাদের যেখানে যখন দরকার আমরা তাদের সহযোগিতা করছি।”