ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
২০২১ সালের ৬ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি ও স্ত্রীর উপর হামলা চালান সুজিত শীল।
ময়মনসিংহে পারিবারিক কলহে শ্বাশুড়িকে হত্যার মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) আকরাম হোসেন।
দণ্ডপ্রাপ্ত সুজিত শীল জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে।
মামলার সূত্রে স্পেশাল পিপি আকরাম হোসেন বলেন, ২০২১ সালের ৬ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে হালুয়াঘাট উপজেলার কড়াইকান্দা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি ও স্ত্রীর উপর হামলা চালান সুজিত শীল।
হামলায় তার শাশুড়ি জোসনা রানী স্ত্রী ও ইতি রানী শীল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী মারা যান।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।
পিপি আকরাম আরও বলেন, পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত চন্দ্র শীলকে দোষী সাব্যস্ত করে এবং তার উপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
