ফেনীতে বসত ঘরের আগুনে প্রাণ গেল ২ শিশুর
পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় দুর্বৃত্তরা।
ফেনী শহরে বসত ঘরের আগুনে দগ্ধ হয়ে ঘুমের মধ্যেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম বিরিঞ্চি ফকিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।
নিহত মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬) ওই এলাকার মুহাম্মদ রনির ছেলে।
মঙ্গলবার রাত ২টার দিকে পেট্রোল দিয়ে তার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযোগ করে শিশুদের বাবা রনি জানান, পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া মৃতদেহ দাফন নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তারা দফায় দফায় হুমকি দিচ্ছিল। সেই পক্ষটিই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।
স্থানীয়রা জানান, বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নেভাতে গিয়ে দেখা যায় ঘরটির প্রধান দরজা বাইরে থেকে বেঁধে দেওয়া ছিল।
এতে ধারণা করা হয়, হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন দেয়; আর ঘর থেকে যেন কেউ বের হতে না পারেন সেজন্য এমনটি করা হয়েছে।
পরে খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর মাইদুল ইসলাম শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে খাটের নীচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, তিনি নিহতদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন।
ওসি শহীদুল জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
