২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ‘শেখ হাসিনা’ ও ‘শেখ রাসেল’ হলের নাম পরিবর্তনের দাবি

পাশাপাশি ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবিও জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘শেখ হাসিনা’ ও ‘শেখ রাসেল’ হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে গণঅভুত্থান রক্ষা আন্দোলন।

বুধবার বিকাল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন আন্দোলনের নেতারা। 

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবিও জানানো হয়।

এ ব্যাপারে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক বলেন, “৫ অগাস্ট পরবর্তী সময়ে কীভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হল থাকে সেটা আমাদের বোধগম্য না। ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম পরিবর্তন করে এবং নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবি বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, “১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগরের জন্য ভয়ঙ্কর একটি রাত ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ওই রাতে নৃশংস হামলা চালিয়েছিল যা জাহাঙ্গীরনগরের ইতিহাসে বিরল। পাশাপাশি ১৭ পুলিশ যে হামলা করেছিল এবং সেই হামলায় জাবি শিক্ষার্থীরা আহত হয়েছিল অনেক। দুটি দিনকে স্মরণে রেখে আমরা জাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি।”

এ বিষয়ে জানতে উপাচার্যের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি।