২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষ, ঘরবাড়িতে আগুন

সংঘর্ষের সময় ২০টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

বগুড়ায় ‘মাদকের কারবার’ ও ‘আধিপত্য বিস্তারে’ দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উত্তর চেলোপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- সান্ধার পট্টি এলাকার রবিন (২৫) ও তার দুই সহযোগী। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলছেন, দীর্ঘদিন ধরে উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকায় ‘মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারে’ বিরোধ চলছে। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েক যুবক বটতলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের মধ্যে দুজনের মৃত্যুর খবর চাউর হলে সান্ধার পট্টি এলাকার শতাধিক মানুষ নারুলী এলাকায় হামলা চালায়।

সেসময় ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়ির প্রায় ২০টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “আগুন লাগার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”