অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা ৩২ রোহিঙ্গা তরুণ-তরুণী আটক
একটি সংগঠনের সেমিনারে অংশ নিতে তারা আশ্রয় শিবির থেকে বের হয়েছিলেন বলে জানায় কক্সবাজার পুলিশ।
প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারে উখিয়া উপজেলায় প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গাকে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়ায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
আটকদের মধ্যে পাঁচজন তরুণী এবং ২৭ জন তরুণ। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ওসি শামীম হোসেন বলেন, ‘গ্লোবাল ট্রেনিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো হওয়ার খবর পায় গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেখানে একটি কক্ষে সকাল থেকে প্রশিক্ষণ ও সেমিনার শুরু হয়।
‘এশিয়া প্যাসিফিক সামিট অব রিফিউজিস-২০২৪’ এর অংশ হিসেবে ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “আয়োজকদের কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা স্থানীয় প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছিল না। তাই ওই ৩২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ফোন ও সংগঠনের বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।”
আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বৈঠকের উদ্দেশ্য এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি শামীম হোসেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
