টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় ও সভাপতির বাড়ি
ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা কমিটির সভাপতির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে একদল লোক শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের দিকে যায়। পরে ভেকু দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে থাকা কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়।
পরে ছাত্র-জনতা একুশে পদক পাওয়া ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসার দিকে যায়। এ সময় বাসাটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে ছাত্র-জনতার উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙা হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ফারিয়া মোকাদ্দাস মিষ্টি। এ সময় সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে ফারিয়া মোকাদ্দাস তার ফেইসবুক আইডি থেকে আওয়ামী লীগ কার্যালয় ভাঙার ঘোষণা দেন। পরে নির্ধারিত সময়ে একটি ভেকু দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
ছাত্র-জনতারা জানায়, শেখ হাসিনাসহ তার দলের নেতাদের দেশে বিচারের আওতায় আনতে হবে। এবং যারা লুটপাট করে সম্পদ অর্জন করেছে সেসব রাষ্ট্রের স্বার্থে ব্যয় করতে হবে।
