জামালপুরে ‘চাল মজুদকারীর’ হামলায় সাংবাদিক আহত
আহত সাংবাদিককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুরের ইসলামপুরে চাল মজুদের সংবাদ সংগ্রহে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিক।
সোমবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া আরিফ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে বলে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান।
আহত এনামুল হক (৫০) দৈনিক কালবেলার ইসলামপুর উপজেলা প্রতিনিধি। তিনি বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
সাংবাদিক এনামুলের অভিযোগ, আরিফ রাইস মিলে সরকারি বিভিন্ন প্রকল্পের চাল অবৈধভাবে মজুদের খবর শুনে তিনি সেখানে যান। তখন মিল মালিক আরিফুজ্জামান আরিফ পাশের কক্ষে ডেকে নিয়ে কিছু বুঝে উঠার আগেই বস্তা থেকে চাল বের করার ধাতব বস্তু দিয়ে তার বুকের বামপাশে আঘাত করেন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক এনামুলকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
আহত এনামুলের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করেছেন আরিফ।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার সাংবাদিকদের বলেন, “সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই হামলাকারী আরিফ সেখান থেকে পালিয়ে যান।
“আহত সাংবাদিকের খোঁজ-খবর রাখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এদিকে সাংবাদিক এনামুল হকের ওপর হামলাকারী আরিফকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
