২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলার মুখে’ থেমে গেল ময়মনসিংহ রেলওয়ের উচ্ছেদ অভিযান

স্থানীয়রা ইটপাটকটেল নিক্ষেপ শুরু করলে অভিযানে আসা কর্মকর্তা ও পুলিশ পাশের একটি ভবনে আশ্রয় নেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 12:58 AM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ময়মনসিংহে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কর্মকর্তারা। 

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সোমবার তাদের দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা ছিল। 

জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. আবদুস সোবহানসহ রেলওয়ে কর্মকর্তারা বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করেন। 

স্থানীয়রা জানান, খবর পেয়ে স্টেশন এলাকা থেকে অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয় আগেই। 

খননযন্ত্র নিয়ে অভিযানের শুরুতেই রেলওয়ে স্টেশন মসজিদ ঘেঁষা দেয়ালে ভাঙা শুরু হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উচ্ছেদে বাধা দেন। 

তখন ইটপাটকটেল নিক্ষেপ শুরু করলে অভিযানে আসা কর্মকর্তা ও পুলিশ পাশের একটি ভবনে নিরাপদ আশ্রয় নেন। 

বিক্ষুব্ধ লোকজন ইট-পাটকেল নিক্ষেপ ও বাঁশ দিয়ে খননযন্ত্র ভাঙচুর ও চালককে মারধর করেন। 

খবর পেয়ে দুপুর ১২টার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। 

দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ে মসজিদের মাইকে ইমাম ঘোষণা দেন, “কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, মসজিদ ভাঙা হবে না। আপনারা সবাই ঘরে ফিরে যান।” 

এরপর স্থানীয় লোকজন সরে যেতে শুরু করেন।

হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়া রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. আবদুস সোবহানকে দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে নিয়ে যান। 

এদিকে, হামলায় জড়িত অভিযোগে এমএ রাকিব তালুকদার (৪৫) নামে এক পান দোকানিকে আটক করে পুলিশ।

আবদুস সোবহান বলেন, “স্থানীয় বাসিন্দারা ভুল বুঝে আক্রমণ করে। জেলা প্রশাসনের নির্দেশের আজকের উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। পরে ফের অভিযান চালানো হবে।”