২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেলের পথরোধ করে তরুণকে কুপিয়ে হত্যা

“১০ থেকে ১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দল তরুণের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে একটি পক্ষ আরমানের ওপর ক্ষিপ্ত ছিল।”

নোয়াখালীতে মোটরসাইকেলের পথরোধ করে তরুণকে কুপিয়ে হত্যা
বেগমগঞ্জ মডেল থানা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান। 

নিহত আরমান হোসেন বিজয় (১৮) হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

আরমানের মামা ইসমাইল হোসেন বলেন, রাতে স্থানীয় নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে কল্যাণ মার্কেটে যাচ্ছিলেন আরমান। এ সময় বাচ্চু ও কিরণ নামের আরও দুজন তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। 

“পথে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।”

পরে স্থানীয় বাসিন্দারা আরমানকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ইসমাইল আরও বলেন, “১০ থেকে ১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দল তরুণের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণদের একটি পক্ষ আরমানের ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরেই তার ওপর হামলা হয়েছে।”

ওসি লিটন দেওয়ান বলেন, নিহত তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলানো হচ্ছে। 

পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।