শাবি ছাত্র সংসদ নির্বাচন: শিক্ষার্থীদের মন্তব্যে ‘মর্মাহত’ বিএনপিপন্থী শিক্ষক ফোরাম
“আমরা অসন্তোষ প্রকাশ করছি, সেসব ইনডিসেন্ট ও অনভিপ্রেত বক্তব্যের; যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুন্ন করে।”
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে ক্যাম্পাসের বিএনপিপন্থী শিক্ষকদের নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।
সোমবার বিকালে পাঠানো এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান ফোরামের নেতারা। এতে স্বাক্ষর করেছেন ফোরামের সভাপতি অধ্যাপক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক শাহ মো. আতিকুল হক।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ মর্মাহত হয়েছেন।
এইসঙ্গে দাবি উপস্থাপনের ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় সেখানে।
এর আগে রোববার দুপুরে শাকসু নির্বাচন বানচালের উদ্দেশ্যে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। এ কর্মসূচিতে ‘সাধারণ শিক্ষার্থী’-ব্যানারে একদল শিক্ষার্থী অংশ নেয়।
শাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার জন্য ওই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাবুবুল ইসলাম পবন বলেছিলেন, “আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কিছু শিক্ষক ও তাদের ছাত্রসংগঠনের নেতারা প্রশাসনকে শাকসু নির্বাচনে অসহযোগিতা করার কথা বলেছেন।
“আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা শাকসু নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কঠোরভাবে প্রতিহত করবে।”
এ সময় বিএনপিপন্থী কিছু শিক্ষকের দিকে একই অভিযোগ তোলেন একই বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন।
শিক্ষার্থীদের ওই কর্মসূচির একদিন পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দেন শাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।
বিবৃতিতে বলা হয়, “মানববন্ধন থেকে কিছু মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশকে ভিত্তিহীন ও তথ্যবর্জিত অভিযোগের মাধ্যমে দোষারোপ করা হয়েছে। তাদেরকে কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। এই ধরনের বক্তব্য শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।
“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিশ্ববিদ্যালয় হলো মতামত ও যুক্তির বিনিময়ের একটি মুক্ত মঞ্চ; যেখানে পরস্পরের প্রতি সম্মান, শালীনতা ও সৌজন্য বজায় রাখা অপরিহার্য। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি সুশৃঙ্খল ও শালীন উপায়ে উপস্থাপন করবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
শিক্ষার্থীদের বক্তব্যকে অশোভন ও অনভিপ্রেত অ্যাখ্যা দিয়ে এতে বলা হয়, “যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করে ও বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশকে ব্যাহত করার আশঙ্কা সৃষ্টি করে।
“আমরা একইসঙ্গে বিশ্বাস করি, এই ধরনের আশোভন বক্তব্য কখনোই আমাদের প্রিয় শিক্ষার্থীদের মূলচেতনা বা তাদের সঠিক প্রতিনিধিত্বকে প্রকাশ করে না।”
এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা অসন্তোষ প্রকাশ করছি, সেসব ইনডিসেন্ট ও অনভিপ্রেত বক্তব্যের; যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুন্ন করে।”
