২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত ছাড়া ছাত্র সংসদ নির্বাচন নয়: শাবি ছাত্রদল

“আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে, নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার বেলা ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্যাম্পাসে বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এটা নিশ্চিতের জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। চলমান সময়ে আমরা ছোট ছোট কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছি।

“শিক্ষার্থীদের সঙ্গে মেশার সুযোগ তৈরি হচ্ছে। যে সমস্যাগুলো উঠেছে তা সমাধানের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে।”

তিনি বলেন, “যে প্রশাসন আবাসিক হলে সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কিভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরেপেক্ষ নির্বাচন আয়োজন করবে?

“সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এ জন্য সবার আগে প্রশাসনকে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এ নেতা বলেন, “সম্প্রতি শাকসু নির্বাচন ঘিরে রাজনীতি আংশিক অনুমোদিত হলেও আমরা বাস্তবে সক্রিয় হওয়ার সুযোগ পাইনি। যেসব বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ৫ অগাস্টের পর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল না।

“কিন্তু শাবিপ্রবি প্রশাসন ইচ্ছাকৃতভাবে ছাত্র রাজনীতি স্থগিত রাখার পর যৌক্তিক সময় না দিয়ে কাদের স্বার্থে নির্বাচন আয়োজন করতে চাইছে, সেটি এখন সবার প্রশ্ন।”

নাঈম সরকার বলেন, “গণতন্ত্রের সৌন্দর্য হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা হচ্ছে।

“আমরা চাই, শাকসু নির্বাচন হোক এমন এক পরিবেশে- যেখানে প্রতিটি শিক্ষার্থী সংশয়মুক্তভাবে, নিজের ইচ্ছায় অংশ নিতে পারে।”

শাবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি উসামা ইব্রাহিম ও মাহির আসিফ, দপ্তর সম্পাদক শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাসির মামুন, আইন সম্পাদক খালেদ সাইফুল্লাহ ও ছাত্রদলকর্মী সামিন ইশমাম এ সময় উপস্থিত ছিলেন।