১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাকসু নির্বাচন: রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

“প্রশাসনকে অতিদ্রুত নিরপেক্ষ সর্বজনীন একজন কমিশনার বানিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের সড়কে এক মানববন্ধনে এ সময়সূচি বেধে দেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, শাকসু নির্বাচন বানচাল করার চক্রান্তের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই কর্মসূচি করছেন তারা।  

বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ প্রকাশ করা না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, “প্রশাসন বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনের না দেওয়ার তালবাহানা করতেছে।

“জুলাইয়ের মাধ্যমে আসা প্রশাসন যদি নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জুলাইয়ে গাদ্দার হিসেবে বিবেচিত হবে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা নতুন করে কোনো মূলা ঝুলানো আশ্বাস দেখতে চাই না। নভেম্বরেই নির্বাচন হতে হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে হবে।

“শাকসু বানচালের চেষ্টা করা হলে আপনাদেরকে পতিত স্বৈরাচারের মতো বিতাড়িত করা হবে। পথনকশা ঘোষণা না করা হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা এই বিষয়ে একমত।”

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার শাকসুর বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছি। কিন্তু আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষের শিক্ষক ও তাদের ছাত্রসংগঠনের নেতাদের পক্ষ থেকে প্রশাসনকে শাকসু নির্বাচনে অসহযোগিতা করার কথা বলেছে।

শাকসু নির্বাচনে বাধা দিলে সাধারণ শিক্ষার্র্থীরা তা কঠোর হাতে মোকাবিলা করবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “প্রশাসনকে অতিদ্রুত নিরপেক্ষ সর্বজনীন একজন কমিশনার বানিয়ে নির্বাচনের আয়োজন করতে হবে।”

এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিল উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করে গঠনতন্ত্র হস্তান্তরের কথা থাকলেও এখন পর্যন্ত তা করতে পারে নি কর্তৃপক্ষ।