২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ১৬ বছর আগে গৃহবধূকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

মামলা নথি থেকে জানা যায়, ধর্ষণে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 11:01 PM

Updated : 13 Oct 2022, 11:15 AM

কুড়িগ্রামে ১৬ বছর আগে গৃহবধূকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

কুড়িগ্রামে ১৬ বছর আগে গৃহবধূকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান।

রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল কালাম (৫৫) উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, আবুল কালাম ২০০৬ সালে উলিপুরের এক গৃহবধূকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেন। ধর্ষণে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দিচ্ছিলেন।

পরে ওই নারী ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় আবুল কালামকে বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এক পর্যায়ে ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন; আসামি সন্তানের দায় অস্বীকার করেন। ২০১১ সালে ভুক্তভোগী নারী সন্তানের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করলে আদালতে তা খারিজ করে। পরে ওই নারী উচ্চ আদালতে যান। ২০১৯ সালে উচ্চ আদালত অনুমতি দিলে ডিএনএ পরীক্ষায় আবুল কালাম ওই সন্তানের বাবা বলে প্রমাণিত হয়।

আসামিপক্ষের আইনজীবী শামসুল হক সরকার জানান, তারা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন।