Published : 06 Jul 2026, 07:34 PM
গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক নারীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. তৌফিকুল ইসলাম।
দণ্ড পাওয়ারা হলেন- কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস (৩১) এবং একই গ্রামের কল্পনা বিশ্বাস (৪৬)।
মামলার বরাতে পিপি তৌফিকুল বলেন, উজ্জ্বল বিভিন্ন সময় ওই কিশোরীকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই ছাত্রী তার প্রত্যাখ্যান করেন। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হন।
“২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় উজ্জ্বলের কথায় প্রতিবেশী কল্পনা বিশ্বাস ওই ছাত্রীকে তালপিঠা বানানোর কথা বলে তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে ঘরে থাকা উজ্জ্বল মেয়েটিকে জোর করে ধর্ষণ করেন। আর দরজার বাইরে দাঁড়িয়ে উজ্জ্বলকে সহায়তা করেন কল্পনা।”
পিপি বলেন, ঘটনার তিন দিন পর ওই কিশোরীর মা বাদী হয়েছে উজ্জ্বল বিশ্বাস, কল্পনা বিশ্বাস এবং উজ্জ্বলের বাবাকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালে মামলার আবেদন করেন। আদালত কাশিয়ানী থানায় ধর্ষণ মামলা করে প্রতিবেদন দাখিলের জন্য ওসিকে আদেশ দেয়। পরে ১৬ অক্টোবর মামলা করা হয়।
তদন্ত শেষে তৎকালীন এসআই মো. নুরুল ইসলাম ২০২১ সালের ৪ মার্চ উজ্জ্বল ও কল্পনাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি তৌফিকুল।
সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি উজ্জ্বলকে এক লাখ টাকা এবং কল্পনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী মো. কদরে আলম খান উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন।