২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীর পেটে লাথি দিলে তিনি মারা যান বলে জানান পিপি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 02:47 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক জানান।

দণ্ড পাওয়া আমিনুল ইসলাম (২৯) উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

মামলার বরাতে পিপি ফজলুল হক বলেন, ২০১৮ সালে আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারের পেটে লাথি দেয় আমিনুল। এতে সুজনার মৃত্যু হয়।

এ ঘটনায় সুজনার বাবা সুরুজ বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন বলে জানান তিনি।

১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় হলে জানান পিপি ফজলুল।

তিনি বলেন, জরিমানার অর্থ নিহত সুজানার বাবা ও মাকে প্রদানের আদেশ দিয়েছে আদালত। এ রায়ে বাদীপক্ষ ন্যায্য বিচার পেয়েছে।