গোপালগঞ্জে মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে
হেলিকপ্টার থেকে নামার পর বর ও কনে এবং বরের মা ললিতা মধুকে ফুল ছিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানানো হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন এক প্রবাসী।
বিয়ের পর দিন স্ত্রী ও মাকে নিয়ে একই হেলিকপ্টারে তিনি বাড়িও ফেরেন।
বর প্রবাসী মিলন মধু নারিকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে। তিনি ১৩ বছর জর্ডানে ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামের কলেজছাত্রী প্রেরণা সরকারকে বিয়ে করেছেন।
রোববার দুপুরে উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার অবতরণ করে। পরে সেখান থেকেই নববিবাহিত দম্পতি ও বরের মা ললিতা মধু হেলিকপ্টার থেকে নামেন। সেখানে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমায়। বরযাত্রী ও আত্মীয়-স্বজনের চেয়ে সাধারণ মানুষের ভিড় ছিল বেশি।
হেলিকপ্টার থেকে নামার পর বর-কনে ও ললিতা মধুকে ফুল ছিটিয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানানো হয়।
এর আগে শনিবার একই মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে মিলন মধু বিয়ের জন্য রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে যান।
মিলন মধু বলেন, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং ভাইবোনদের মধ্যে তিনি সবার ছোট। তার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করেন। সেই ইচ্ছা পূরণ করতেই তিনি এভাবে বিয়ে সম্পন্ন করেছেন। পরে স্ত্রী ও মাকে নিয়ে হেলিকপ্টারে করেই বাড়ি ফেরেন।
তিনি বলেন, সোমবার বৌভাত হবে। এতে প্রায় হাজারের বেশি অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে।
মিলনের মা ললিতা মধু বলেন, ছেলের বিয়েতে হেলিকপ্টার ব্যবহারের ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আনন্দিত। তিনি ছেলেমেয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া কামনা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “এটি আমাদের এলাকায় প্রথম হেলিকপ্টার বিয়ে। এতে সবাই আনন্দিত।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুই দিন ধরে বিয়ে উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
