বরিশালে বিএনপির মিছিলে হামলার অভিযোগ
বিএনপির মুলাদী উপজেলা ও পৌর কমিটি বাতিল চেয়ে দলটির একাংশের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন।
বরিশালের মুলাদীতে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার দুপুরে মুলাদী পৌর শহরের গোডাউন রোডে এ হামলা হয় বলে উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছাত্তার খান অভিযোগ করেন।
আব্দুস ছাত্তার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে ৬৮ সদস্যের উপজেলা এবং ৪১ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছে বরিশাল উত্তর জেলা শাখা।
এই দুই কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতা-কর্মীরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন জানিয়ে তিনি বলেন, “এ সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ কয়েকজনের নেতৃত্বে মিছিলে হামলা হয়।”
এতে বিএনপির আবদুর শরীফ, আ. রব খান, নুরে আলম, কালাম খান, রাসেল হাওলাদার, শাহ আলমসহ অন্তত ৪৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ছাত্তারের।
এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে জুয়েল হাওলাদার বলেন, মুলাদী সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল। নবীনদের শুভেচ্ছা জানিয়ে তারা (ছাত্রলীগ) একটি মিছিল বের করেন। মিছিলটি বিএনপির সাবেক সভাপতি ছত্তার খানের বাড়ির সামনে পৌঁছালে বিএনপির একটি পক্ষের মিছিল থেকে তাদের উপর প্রথমে হামলা চালানো হয়।
হামলায় ছাত্রলীগ কর্মী ইমরান, রাজীব, রাকিব খান ও আবিদ খান আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান জুয়েল।
তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন মূলাদী থানার ওসি মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ছাত্রলীগ ও বিএনপির পদবঞ্চিতদের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ হয়। পুলিশ যাওয়ার আগেই আওয়ামী লীগের সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন। থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
