শিশুপুত্রসহ গৃহবধূর লাশ সেপটিক ট্যাংকে, স্বামী গ্রেপ্তার
গৃহবধূর স্বামী মাশরেক মিয়া শেরপুর সদরের ভাতশালা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
শেরপুরে নিখোঁজের চার দিন পর এক নারী ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের সিংপাড়ার ভাড়া বাসার সেপটিক ট্যাংকে তাদের গলিত লাশ পাওয়া যায়।
নিহতরা হলেন রোকসানা বেগম (৩৫) ও ছেলে রাফিদ মিয়া (১১)।
গ্রেপ্তার মাশরেক মিয়া (৩৫) নিহত গৃহবধূর স্বামী। তিনি শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
সদর থানার ওসি বশির আহমেদ বাদল জানান, কিছুদিন ধরে মাশরেক স্ত্রী ও সন্তানকে নিয়ে শেরপুর শহরের সিংপাড়া ভাড়া বাসায় থাকছিলেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
“চার দিন আগে রহস্যজনতভাবে নিখোঁজ হন মাশরেকের স্ত্রী রোকসানা বেগম ও ছেলে রাফিদ মিয়া।”
রোকসানার বাবার বাড়ির লোকজন গত ৪ ডিসেম্বর এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন।
ওসি আরও বলেন, লাশ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
নিহত গৃহবধূ রোকসানার বাবার বাড়ি শহরের খরমপুর টিক্কাপাড়ায়।
