‘এটাতো জাল টাকা’ বলতেই ভৌঁ দৌড় যুবকের
পরে আটক হলেও স্থানীয় জনতার সম্মতিতে তাকে ছাড়া হয়।
নাটোরে একটি মুদি দোকানে এক হাজার টাকা জাল নোট দিয়ে দৌড়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
শহরের কানাইখালী পুরাতন বাসট্যান্ড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জাল টাকার সঙ্গে যুবকের কাছে আরও দুটি আসল এক হাজার টাকার নোট ছিল বলে নাটোর সদর থানার এসআই মো. আফতাবুর রহমান জানান।
বরিশালের ঝালকাঠির রাজাপুরের কেওটা এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন আটক মো. ফেরদৌস হাসান (৩৫)।
মুদি দোকানি সাদিক আলী বলেন, “টাকা হাতে নিয়ে ‘এটাতো জাল টাকা’ বলতেই ওই ছেলে দৌড় দেয়।”
দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের পেছনে লাফ দেয় জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত রহমত আলী নামে এক ব্যক্তি বলেন, “আমিতো ভাবছি, এক্সিডেন্টের অভিনয় করে টাকা দাবি করবে। পরে লোকজন দৌড়ে এসে ধরায় আসল ঘটনা বুঝতে পারলাম।”
এসআই আফতাবুর রহমান বলেন, “তিনটা নোটের মধ্যে একটি জাল টাকা হিসেবে প্রমাণ হয়েছে। ভুল-ভ্রান্তিতে একটি নোট আসতেই পারে একজনের কাছে। তাই স্থানীয়দের সম্মতিতে ওসি সাহেবের নির্দেশে তাকে আমরা ছেড়ে দিচ্ছি।”
“কিন্তু তার কাছে থাকা সব টাকাই জাল হলে তাকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারতাম। তারপরও ওই যুবকের পরিচয় যাচাই-বাছাই ও টাকাটি নষ্ট করে মালখানায় জমা করা হবে,” বলেন আফতাবুর রহমান।
