১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনার চরে কৃষককে হত্যা-নাতিকে বস্তায় ভরে গরু নিয়ে গেল ডাকাতদল

সিরাজগঞ্জের চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ায় যমুনা নদীর চরে অস্থায়ী ঘর করে জমির আবাদ ও গরু পালন করতেন তাঁরা মিয়া।

যমুনার চরে কৃষককে হত্যা-নাতিকে বস্তায় ভরে গরু নিয়ে গেল ডাকাতদল
জমির আবাদ ও গরু পালনের জন্য যমুনা নদীর চরে অস্থায়ী ঘর করে থাকতেন তাঁরা মিয়া।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 12:20 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সিরাজগঞ্জের চৌহালীর প্রত্যন্ত চরাঞ্চলে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতদল। এ সময় হাত-পা বেধে বস্তাবন্দি করে রাখা হয়েছিল কৃষকের নাতিকে। 

মঙ্গলবার রাত ১২টার পর উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ায় যমুনা নদীর চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে বলে জানান চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন। 

নিহত তাঁরা মিয়া (৬৫) খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ওই চরে অস্থায়ী (ছাপরা) ঘর তৈরি করে জমির আবাদ ও গরু পালন করে আসছিলেন তাঁরা মিয়া। তার নাতি ইব্রাহিমও (১৮) সঙ্গে থাকতেন। 

মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই ঘরে হানা দেয়। ডাকাতরা তাঁরা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আর ইব্রাহিমকে হাত-পা বেঁধে বস্তায় ঢুকিয়ে রেখে যায়। 

পরে ডাকাতদল কৃষকের পাঁচটি গরু লুট করে পালানোর চেষ্টা করে।কিন্তু কোনো কারণে দুইটি গরু নিতে পারেনি। সে দুটি অন্যত্র রেখে তিনটি গরু নিয়ে নৌকায় পালিয়ে যায় ডাকাতদল। 

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে এবং অন্য গরু দুটি উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।