সিলেটে পুলিশি নিরাপত্তার মধ্যে বিক্ষোভ, ছাত্রলীগ প্রতিহতের ডাক
শুক্রবার জুমার নামাজ শেষে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর মৃত্যুর খবরের পর থেকেই সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার জুমার নামাজ শেষে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ইনকিলাব মঞ্চ, এনসিপি, ইসলামী ছাত্রশিবির, জমিয়তে উলামায়েসহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল করে।
এ সময় তারা অনতিবিলম্বে হাদির হত্যাকারীদের ভারত থেকে নিয়ে এসে ফাঁসির দাবি জানান এবং তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা স্পষ্ট। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিহতের ডাক দেন তারা।
এদিকে, চৌহাট্টায় সমাবেশ চলাকালে ৭১ টেলিভিশনের সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দালাল’ বলে হেনস্থা করেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কয়েকজনকে চৌহাট্টা এলাকায় আলপাইন রেস্টুরেন্টে হামলার চেষ্টা করতে দেখা যায়।
তবে শুক্রবার সকাল থেকেই সিলেট নগরীতে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "৭১ টেলিভিশনের সাংবাদিক হেনস্থার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।"
প্রথম আলো কার্যালয়ে হামলা
সিলেটে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।
রাত ১২টার পর থেকে নগরীর চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হতে থাকেন।
চৌহাট্টা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আবার চৌহাট্টায় ফিরে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান তারা।
পরে ফের চৌহাট্টা এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী’ স্লোগান দিতে থাকেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "প্রথম আলো অফিসেরর নিচে ঘটনার আগেই পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তবে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি রাস্তা থেকে ইট-পাটকেল ছুড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।"
