২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট-পদযাত্রা

ব্ক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মত দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করতে হবে।

কুড়িগ্রামে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে জলবায়ু ধর্মঘট-পদযাত্রা
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রভাব রোধ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা উপলক্ষে শতাধিক তরুণ জলবায়ু কর্মীর পদযাত্রা-সমাবেশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট-পদযাত্রা করেছেন শতাধিক তরুণ।  

শুক্রবার বেলা ১১টায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে ও ইয়ুথনেট গ্লোবালের সহযোগিতায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

কাপড়ের তৈরি ব্যানার, রঙিন কাগজের তৈরি পোস্টার, ফেস্টুন আর নানা স্লোগানে মুখরিত ছিল সমাবেশ স্থল ও পদযাত্রাটি। 

‘ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই’ এমন স্লোগান তুলে ধরে তরুণরা বলেন, জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে বাংলাদেশের ভবিষৎ হুমকির মুখে পড়বে। 

বিশ্ব নেতাদের প্রতি পদযাত্রা থেকে আহ্বান জানানো হয়, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও অর্থায়ন বন্ধ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। 

ইয়ুথনেট গ্লোবালের রংপুর বিভাগীয় উপদেষ্টা সুজন মোহন্ত বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতে বিশ্বের উন্নত দেশ ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ বন্ধ করতে হবে।”

ইসলামিক রিলিফের কুড়িগ্রামের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. নুরুল ইসলাম সরকার বলেন, “বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই বহুজাতিক ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ  করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরো বাড়বে, যা জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক। আমরা এ পরিকল্পনা দ্রুত সংশোধনের দাবি জানাই।”

ইয়ুথনেট গ্লোবালের কুড়িগ্রামের জেলা সমন্বয়ক রাকিবুল ইসলাম তানিম বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।

“একইসঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মত দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করতে হবে।”

জলবায়ু ধর্মঘটে আরো বক্তব্য দেন, ইয়ুথনেট গ্লোবালের রংপুর বিভাগীয় সহ-সমন্বয়কারী খাদিজুল আক্তার, জেলা টিমের সদস্য জান্নাতুল ফিরদাউস মিম, আবিদা সুলতানা, মার্জিয়া মেধা, বিডিক্লিনের জেলা সমন্বয়ক তারেক খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের জেলা সহকারী প্রকল্প কর্মকর্তা আনোয়ার সাদাত।