‘মোর পোড়া কপাল, জীবনটাত একনা সুখ পানু না’
‘মোর স্বামী তো নাই। একটা বেটি আছিল। তাও মরি গেইছে। নাতনিক বিয়্যা দিচনু। সেই জামাইও গাড়িত চাপা পড়ি মরি গেইছে। নাতনিটার কপালটাও মোর মতো পোড়া।’
স্বামী-সন্তান বেঁচে নেই। মাথা গোঁজার ঠাঁই নেই। চলছিল ভিক্ষা করে। এখন আর তেমন হাঁটাচলা করতে পারেন না রংপুরের মনিজা বেগম। একমাত্র বিধবা নাতিই তার ভরসা। সেই নাতিও আশ্রয়হীন, এবং বেকার।
সত্তরোর্ধ্ব মনিজা বয়স্কভাতা পাচ্ছেন, কিন্তু তা তার ‘ওষুধপত্তর কিনতেই শেষ’।
রংপুরের মিঠাপুকুর উপজেলার নূরপুর গ্রামের আফসার আলীর স্ত্রী মনিজা। ‘বছর বিশেক’ আগে মারা গেছেন আফসার।
মনিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবারে, তোমরা বা কায় (কারা) মুই তো চিনো (চিনি) না।
“মুই মাইনষের আন্না ঘরত থাকো। চায়া-মাঙ্গি খাও। মোর তো আর আগের মতো শরীর চলে না। মোর পোড়া কপাল। জীবনটাত একনা সুখ পানু না। মোর কষ্ট কায় দেখে কনতা বাবা।”
অন্যের রান্নাঘরে নাতিকে নিয়ে থাকেন মনিজা। জীবনে কখনও সুখ পাননি। তার কষ্ট কে দেখে।
নূরপুর গ্রামে গিয়ে দেখা গেছে, কাঠমিস্ত্রি মোহাম্মদ মিয়ার বাড়িতে আছে দুটি ঘর। তার একটিতে রান্নাবান্না হয়। সেখানেই থাকেন নানি-নাতি। ঘরে থাকার মতো ‘পরিবেশ নেই’। ভাঙা-চোরা টিন দিয়ে তৈরি ঘরটি। নেই দরজা-জানালা। মাঝেমধ্যে ওই ঘরে গরুও রাখা হয়। তবু সেখানে যে তাদের ঠাঁই হয়েছে তাই অনেক। কারণ মোহাম্মদ মিয়ারও নুন আনতে পান্তা ফুরায়।
মনিজা বলেন, “বিছন্যা নাই, খ্যাতা নাই, কত যে কষ্ট! দেখেনছোল তো মোর ডশ অবস্থা। তোমাক আর মুই কী কইম। যেদিন খাবার পাও সেদিন খাও, না পাইলে না খায়া থাকো।
“মোর স্বামী তো নাই। একটা বেটি আছিল। তাও মরি গেইছে। নাতনিক বিয়্যা দিচনু। সেই জামাইও গাড়িত চাপা পড়ি মরি গেইছে। নাতনিটার কপালও মোর মতো পোড়া। সরকার যদি হামার দুই বিধবার জনতে কিছু করিল হয়, খুব শান্তি পাইনো হয় বাবা। তোমরা মোর নাতনিটের জন্য একনা যদি কিছু কননেন হয়, তাইলে মুই মরিও শান্তি পানু হয়।”
শেষ জীবনে মনিজার একটাই চাওয়া। কেউ যদি তার নাতনিটার জন্য কিছু করেন।
মনিজাকে আশ্রয় দেওয়া প্রতিবেশী ভাতিজা মোহাম্মদ মিয়া বলেন, “চাচির জীবনটা খুব কষ্টের। বলে শেষ করা যাবে না। না আছে স্বামী-সন্তান, না আছে মাথা গোঁজার ঠাঁই। চাচি নিজে বিধবা। তার একমাত্র নাতনি। সেও বিধবা।
“আমি নিজেও গরিব। তার পরও আমি তাদের থাকার ব্যবস্থা করেছি। কিন্তু আমি তো তাদের আর্থিক সহযোগিতা করতে পারি না। এ কারণে চাচি বাড়ি বাড়ি ভিক্ষা করেন।”
মনিজার একটা মেয়ে ছিলেন। মাহমুদা বেগম। সেই মেয়ে মারা গেছেন সন্তান জন্ম দিতে গিয়ে, জানালেন গ্রামবাসী।
মাহমুদার মেয়ের নাম আঁখি আক্তার। মনিজার নাতি।
আঁখি বলেন, মা না থাকায় নানিই তাকে মানুষ করেন। নানি পছন্দ করে বিয়েও দিয়েছিলেন।
“এখন নানিও বিধবা আমিও বিধবা। মানুষের বাড়িতে কাজকাম করে খাই। নানি মন চাইলে ভিক্ষা করে। বেশির ভাগ সময় রান্নাঘরে শুয়ে-বসে থাকে। সরকারি ভাতা পায় নানি, কিন্তু সেই টাকা ওষুধপত্তর কিনতেই আটে না।”
রানীপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আল মুজাহিদ জানেন মনিজার খবর।
তিনি বলেন, “আমি সরকারকে তার জন্য কিছু একটা করার অনুরোধ জানাচ্ছি।”
কিছু করার চেষ্টা করছেন বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ পুটু।
উপজেলা প্রশাসনও নানা রকম চেষ্টা করে যাচ্ছে।
মিঠাপুকুরের ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, “আমরা তাকে একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে ডিসি স্যারের পক্ষ থেকে নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়া আঁখিকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করা হবে। আমরা তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।”
