আখাউড়া-আগরতলা রেলপথে চলল ‘ট্র্যাক কার’
পুরো রেলপথ এখনো প্রস্তুত নয়, তবে যেটুকু কাজ বাকি আছে তা ২২ অগাস্টের আগে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপক।
আখাউড়া-আগরতলা রেলপথে প্রথমবারের মতো চলল ‘ট্র্যাক কার’।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে সফলভাবে ট্র্যাক কার চালানো হয় বলে জানিয়েছেন এই রেলপথ নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি।
আগামী ২২ অগাস্ট এই রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করার কথা রয়েছে। সেই ট্রেন চলাচলের প্রস্তুতি হিসেবেই মূলত চালানো হল ট্র্যাক কার।
প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি জানান, পুরো রেলপথ এখনো প্রস্তুত নয়। তাই গঙ্গাসাগর ইয়ার্ডেই ট্র্যাক কার চালানো হয়েছে। রেললাইনের যেটুকু কাজ বাকি আছে তাও ২২ অগাস্টের আগে শেষ হবে।
২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে সাড়ে ৬ কিলোমিটার।
প্রকল্পের বাংলাদেশ অংশ বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। আগামী সেপ্টেম্বরে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।
