২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের বিয়ের গেইট স্থাপন নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০

প্রতিবেশীর বাড়ির সামনে বিয়ের গেইট স্থাপন করা হয়েছে–এমন অভিযোগে একদল যুবক গেইটটি ভাঙচুর করেন; এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2023, 06:40 PM

Updated : 06 Jun 2023, 06:40 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট স্থাপনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ।

ওসি জানান, আগামী শুক্রবার স্থানীয় গেদা মিয়া চৌধুরীর ছেলে রাহিম চৌধুরীর বিয়ের অনুষ্ঠান। এই আয়োজনকে কেন্দ্র করে পরিবারটি সরকারি পাকা সড়কের উপর গেইট স্থাপন করে। প্রতিবেশী জাকির হোসেনের বাড়ির সামনে গেইট স্থাপন করা হয়েছে–এমন অভিযোগে সকালে একদল যুবক ওই গেইট ভাঙচুর করেন। এ সময় তারা গেইটের সরঞ্জাম ভেঙে জাকির হোসেনের বাড়িতে নিয়ে যান।

ওসি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন; খবর পেয়ে নবীগঞ্জ থানার একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি বলেন, “সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিও ছোড়েন বলে জানতে পেরেছি। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধসহ ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আহতদের মধ্যে রয়েছেন দিলাওর হোসেন (৪৩), শামীম আহমদ (৩২), আকিনুর রহমদ (৩০), দিদার আহমদ (২৬), রহিমা খাতুন (৪০), সাজু আহমদ (২৮), আব্দুল হাদী (৫৫), মাহের আহমদ (২৭), রাহিম চৌধুরী (২৮), শাহানুর মিয়া (৩০), ইমরান আহমদ (২৫), সোহেল আহমেদ (২৭) সেকুল মিয়া (২৯), তুহিন আহমেদ (২৪), হান্নান মিয়া (২৬), শরীফ আহমদ (২৫), সাইফুল মিয়া (৩১), গেদা মিয়া (৪০), আকবর আলী (৪৫) ও রুহুউল্লাহ (৪৭)।

এছাড়া অন্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।