২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 05:49 PM

Updated : 17 Dec 2022, 05:49 PM

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে  মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার এসআই ইরানুল ইসলাম।

নিহত ছিব্বির মোল্লা হৃদয় ওই গ্রামের মো. মনির হোসেন মোল্লার ছেলে। ১৫ বছরের এই কিশোরের সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

এসআই ইরানুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুর ১২টার দিকে ছিব্বির মোটরসাইকেলে করে সাজাইল থেকে হরিদাসপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছিব্বির ।

এসআই ইরানুল আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ছিব্বিরের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।