Published : 10 Sep 2026, 05:21 PM
হবিগঞ্জর চুনারুঘাটের হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম।
নিহত দুলাল ভূষণ দেব (৫০) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি স্থানীয় মনতলা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
দুর্ঘটনাকবলিত অটোরিকশার যাত্রী মোস্তাক বলেন, সকাল ১১টার দিকে নিহত দুলাল দেবসহ তিনি মনতলা বাজার থেকে অটোরিকশায় চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।
দুপুর ১২টার দিকে পথে মহাসড়কের চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুলাল ভূষণ দেবের মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই নারায়ণ দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।