২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

ময়মনসিংহগামী বাসটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার বিকালে ৪টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাংড়া ইউনিয়নের মূলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে এস আলম (৭০) এবং ঘাটাইল উপজেলার হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪৫)।

তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ‘প্রান্তিক সুপার’ পরিবহনে একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এসআই কামরুল বলেন, আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।