১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

“আমার জানা মতে, সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 05:42 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

তৃতীয় ধাপে রংপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন তার প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন। 

এ ঘটনায় ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ইকবাল হোসেন কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন করেন।

এ সময় তিনি বলেন, “দুপুরে আমি ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থকরা প্রশাসনের সামনে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। এ কেন্দ্রের ভোটারদের রাস্তায় আটকিয়ে রাখা হয়। তাদের কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না।”

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, “নির্বাচনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। ইকবাল হোসেন যে কেন্দ্রের কথা বলেছেন; ওই কেন্দ্রে তিনি দীর্ঘ সময় অবস্থান করছিলেন।

“এ কারণে অন্য প্রার্থীর লোকেরা উত্তেজিত হলে সেখানে হট্টগোল শুরু হয়। আমার জানা মতে, সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার বলেন, “চেয়ারম্যান প্রার্থী কেন্দ্র পরিদর্শনে গেলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে বিজিবির সদস্যরাও উপস্থিত হয়েছেন।”