নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৪
বাসচাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান।
নেত্রকোণায় পূর্বধলায় বাসচাপায় ব্যাটারিচালিত আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে রিকশাটিতে থাকা আরও চারজন আহত হন বলে জানায় পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক জানান।
নিহত একজন পূর্বধলা উপজেলার ইছবপুর গ্রামের ২২ বছর বয়সী মো. শাকিব। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই আজিজুল হক জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস শ্যামগঞ্জ বাজারে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোর দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান।
এসআই আরও জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
