২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

পুলিশ জানায়, এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 09:45 AM

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই মুন্সী পারভেজ হাসান জানান।

নিহতদের একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহন লাল (৪০)। তবে নিহত প্রাইভেট কারের চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মুন্সী পারভেজ বলেন, “দুপুরে সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সাতক্ষীরা যাচ্ছিল প্রাইভেট কারটি। 

“মেছাঘোনা এলাকায় বাস ও ওই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কারের চালক ও হোমিও চিকিৎসক মোহন লালের মৃত্যু হয়।” 

ওই হাইওয়ে থানার ওসি বলেন, “কয়েকজন সামান্য আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।