Published : 21 Nov 2025, 06:28 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় ভূমিকম্পের আতঙ্কে একটি তৈরি পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার সকালে ভূমিকম্পের সময় উপজেলার আমতৈল গ্রামের স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের শ্রীপুর স্টেশনের অফিসার মো. সামসুর রহমান জানান।
তিনি বলেন, আতঙ্কে কয়েকজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গার্মেন্ট শ্রমিক শাহিনা আক্তার, সনিয়া, বিথি খাতুন, আল আমীন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে তারা কারখানার দ্বিতীয় তলায় কাজ করছিলেন। তখন ভবনটি কেঁপে ওঠে। তখন সবাই নেমে রাস্তায় চলে আসেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে ফিরে যান।
কাজ করা অবস্থায় হঠাৎ করেই কিছু শ্রমিকদের মাথা ঘোরা ও বমি বমি ভাব শুরু হয়। সময় বাড়তে থাকলে এটা আরও অনেকের মধ্যেই দেখা দেয়। তখন তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কতজন শ্রমিক অসুস্থ হয়েছেন জানতে চাইলে তাদের সহকর্মীরা বলেন, শতাধিক হতে পারে।
এ ঘটনার পর শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা হাসপাতালে গিয়ে ভিড় জমান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাসমুস সাকিব বলেন, “ভূমিকম্পের কারণে শ্রমিকরা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। এটি সবার মাঝে ছড়িয়ে পড়ে; ম্যাস হিস্টিরিয়ার মত। সে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হয়। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করছিল। কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাপতালে পাঠানো হয়।”
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, “গার্মেন্ট কর্মীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। কয়েকজনকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনো শ্রমিকের বড় ধরনের সমস্যা হয়নি।”
স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আমান উল্লাহ বলেন, “যখন ভূমিকম্প হয়, তখন কর্মীরা বাইরে চলে আসেন। আমি বাইরে এসে কর্মীদের সঙ্গে কথা বলি। কিছু সময় পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। তবে ভবনের কোনো ক্ষতি হয়নি।”