কুমিল্লার লালমাইয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃতদেহ উদ্ধার
নিহতদের মধ্যে দুইজন সড়কে প্রাণ হারিয়েছেন বলে জানায় পুলিশ।
কুমিল্লার লালমাই উপজেলায় ২৪ ঘণ্টা তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যাদের মধ্যে সড়কে প্রাণ গেছে দুইজনের।
বৃহস্পতিবার সকালে উপজেলার দত্তপুর থেকে অজ্ঞাত যুবক, ভুশ্চি বাজারে বৃদ্ধ এবং বুধবার দুপুরে পশ্চিম অশ্বথতলা থেকে আরেক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় বলে জানান লালমাই থানার এসআই আশরাফুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর সেতু সংলগ্ন জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও পিবিআইয়ের আলাদা দুটি দল ঘটনাস্থলে যায়।
নিহত যুবকের পরনে কালো প্যান্ট ও লাল গেঞ্জি রয়েছে; যার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
বেলা ১২টার দিকে উপজেলার ভুশ্চি দক্ষিণ বাজারে জামিয়াতুল আশরাফ মাদ্রাসার সামনে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডামুখী যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত মোসলেম মিয়া (৬৫) উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের আলেক হোসেনের ছেলে।
এ ঘটনায় উৎসুক জনতা বাসটিতে ভাঙচুর করে এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী ও ভুশ্চি বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, “শাহ আলী সুপার বাস চালকের বয়স অনেক কম। সম্ভবত তার লাইসেন্সও নেই। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।”
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও বাসের চালক শাহ জালালকে (২০) থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে বুধবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পশ্চিম অশ্বথতলায় নসিমনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল হক (৭০) উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতি গ্রামের আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এসআই আশরাফুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মৃতদেহের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
