বরিশালে অবৈধ জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
জব্দ করা প্রায় ১৭ লাখ টাকার জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।
বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার প্যাদারহাট বাজারে অভিযান চালিয়ে অবৈধ জালসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানান মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
পরে বিকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে বিচারক মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জরিমানা করেন বলে জানান তিনি।
দণ্ডিতরা হলেন- প্যাদারহাট বাজারের বিসমিল্লাহ স্টোরের সেলিম মোল্লা ও উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার হালিম হাওলাদার।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন খবর পেয়ে ওই দুই ব্যবসায়ীর গুদামে আলাদা অভিযান চালানো হয়। এ সময় দুই গুদাম থেকে ৩২০ পিস নতুন চায়না দুয়ারী জাল ও এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
“অবৈধ চায়না জাল বিক্রির কথা স্বীকার করায় দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক।”
ভবিষ্যতে অবৈধ জাল বিক্রি না করার মুচলেকা ও জরিমানার অর্থ পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।
পরে জব্দ করা প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকার জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
