২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

চেয়ারম্যান পদে বরুড়ায় বিজয়ী হয়েছেন মো. হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আবদুল হাই বাবলু।

কুমিল্লায় জিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন সাবেক অর্থমন্ত্রীর ভাই
বরুড়ায় বিজয়ী হয়েছেন (বামে) মো. হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল, তবে সদর দক্ষিণ উপজেলায় জিততে পারেননি গোলাম সারওয়ার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 01:40 AM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লার বরুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক বিপুল ভোটে জিতলেও সদর দক্ষিণ উপজেলায় সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই হয়েছেন তৃতীয়। 

মঙ্গলবার এই দুই উপজেলা পরিষদের নির্বাচন ও ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক মো. হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল। আনারস প্রতীকের এই প্রার্থী ভোট পেয়েছেন ৯০ হাজার ৯২৭ ভোট। 

তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৬২৩ ভোট। 

বিজয়ী হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল দলীয় কোনো পদে না থাকলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে তৃতীয় হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) ছোট ভাই গোলাম সারওয়ার। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার টানা তিনবারের চেয়ারম্যান সারওয়ার পেয়েছেন ১৪ হাজার ৩১৪ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। 

এই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৭৬৩ ভোট। 

বাবলু ওই উপজেলার টানা তিনবারের ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আক্তারুজ্জামান রিপন ১৪ হাজার ৭৯০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। 

ভোটোর ফল ঘোষণার পর মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের বলেন, “একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীদের পরবর্তীতে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।”