Published : 20 Sep 2026, 11:23 PM
শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এরপর রোববার বিকালে কমিটিকে স্বাগত জানিয়ে শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতারা বক্তব্য দেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে যেকোনো ধরণের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
মিছিলে থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।