২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওরে আমারে আর মারিস না, আমি চোর না, পুলিশের ডিউটি করে এসেছি’

ওসি বলেন, ছালামের ইজিবাইকে পুলিশ সদস্যরা রাতে টহল দেন। বাড়ি ফেরার পথে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে জনতা।  

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 08:20 PM

Updated : 28 Aug 2023, 08:52 PM

বরিশালের বানারীপাড়া উপজেলায় ভোররাতে এক ইজিবাইক চালককে চোর সন্দেহে জনতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ বলছে, ওই ব্যক্তি টহল পুলিশের সঙ্গে দায়িত্ব পালন শেষে নিজের ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে গণপিটুনির শিকার হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী জানান।

নিহত ইজিবাইক চালক ছালাম বেপারী (৬০) উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চৌয়ারীপাড়া এলাকার আব্দুর রব, ইমরান ও আল আমিন।

ওসি মাসুদ বলেন, “রাতে থানার টহল ডিউটি দলের সঙ্গে দায়িত্ব পালন করেছে ছালাম। রাত ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পথে চৌয়ারীপাড়া এলাকায় তাকে কয়েকজন আটক করে। তারা ইজিবাইক ভাঙচুর করাসহ চালক ছালামকে চোর সন্দেহে পিটিয়ে আহত করেন।

“খবর পেয়ে পুলিশের অপর দুটি টহল দল গিয়ে ছালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান”, যোগ করেন ওসি। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, এ ঘটনার কিছুক্ষণ আগে ওই এলাকায় ভ্যানরিকশায় করে চোর আসে। বিষয়টি লোকজন টের পেলে তারা ওই চোরকে ধাওয়া দেয়। তখন চোর ভ্যানরিকশা ফেলে পালিয়ে যায়।  

এর কিছু পরেই ছালাম ইজিবাইক নিয়ে ওই জায়গা অতিক্রম করছিলেন। তখন ১০-১২ জন লোক রাস্তায় ছিল। তারা রাস্তায় গাছ ফেলে গাড়ির গাতিরোধ করার চেষ্টা করে। তখন ছালাম মনে করেন, তিনি ডাকাতের কবলে পড়তে যাচ্ছেন। এ সময় তিনি ভয় পেয়ে ইজিবাইকের গতি বাড়িয়ে দেন।

কিন্তু রাস্তায় থাকা লোকজন ইজিবাইকের সামনের গ্লাসে সজোরে আঘাত করে। এতে গ্লাস ভেঙে যায় এবং ছালাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি পাশের একটি গাছে ধাক্কা লেগে থেমে যায়। তখন জনতা তাকে ধরে পেটাতে শুরু করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী সাংবাদিকদের বলেন, “লোকজন ভেবেছিল, চোর যে ভ্যানরিকশা ফেলে গেছে। ইজিবাইক নিয়ে চোরের দল আবার সেটি নিতে এসেছে।  

“ইজিবাইক চালককে যখন মারা হচ্ছিল, তখন তিনি খুব বাঁচার আকুতি করছিলেন। বলছিলেন, ওরে তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। কিন্তু কেউ তার কথা শুনেনি।

ওই নারী আরও বলেন, “তিনিই থানায় খবর দিতে বলছিলেন। একপর্যায়ে তিনি ঢলে পড়েন। পরে পুলিশ আসে।” 

এ ব্যাপারে জানতে চাইলে সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, “চোর ভেবে ভুল করে মারধর করেছে। যারা মারধর করেছে, তারাই থানা ও হাসপাতালে নিয়ে গিয়েছে।”

বানারীপাড়া থানার এসআই মাসুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছালামের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলার গ্রেপ্তার দেখিয়ে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।