থানায় ঢুকে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, পুলিশকে ছুরিকাঘাত, পুকুরে মিলল যুবকের লাশ
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন।”
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। পরে তার মরদেহ পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
সাঘাটা থানার এসআই মশিউর রহমান শুক্রবার সকালে বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ২৫-৩০ বছর বয়সী এক যুবক সাঘাটা থানা ক্যাম্পাসের ভেতর ঢুকে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সেরাজুল ইসলামের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় এএসআই মহসিন আলী বাধা দিতে গেলে ওই যুবক তার মাথা ও হাতে ছুরিকাঘাত আঘাত করে। এরপর দৌড়ে থানার পেছনে পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা রাতভর ওই পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।”
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে থানার পেছনের পুকুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন বলে সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান।
পুলিশ বলছে, তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তার জামার পকেটে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি প্রবেশপত্র পাওয়া গেছে। তাতে তার নাম সাজু মিয়া, বাবা দুলাল মিয়া ও মা রিক্তা বেগম লেখা রয়েছে।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, “রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু করে। প্রায় ৪০ মিনিটের মাথায় তার লাশ উদ্ধার করা হয়।”
এদিকে এ ঘটনায় আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রবেশপত্রের তথ্য ও ছবি মিলিয়ে তার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ।”
