২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, ৬ মরদেহ

সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকার ওই বাড়িতে আগুন দেওয়া হয়।

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, ৬ মরদেহ
আগুনে পুড়ে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়ি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহ আলম খানের তিনতলা বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরে সেখান থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। 

সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকার ওই বাড়িতে আগুন দেওয়া হয়। পরে রাতে ও মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে পাঁচজনই কিশোর বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা হলেন- নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল হোসেন (১৪), শাওন (১২), রনি (১৬) ও মহিন উদ্দিন (১৭) এবং মাহফুজুর রহমান (২২)।

মঙ্গলবার বিভিন্ন সময়ে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়েন। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন লাগিয়ে দেন। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে নিহত হন। 

এদিকে, সোমবার বিকালে কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকায় নাফিজুল আলম সামি (১৮) ও চৌদ্দগ্রামে জামশেদ হোসেন (২০) নামের দুই শিক্ষার্থী নিহত হন।

ঘটনার সময় সামি নগরীর তালপুকুরপাড় এলাকায় কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সাবেক সভাপতি সাইফুল আলম রনির বাসায় ছিলেন।

সাইফুল আলম রনি সাংবাদিকদের বলেন, “বিকালে একদল জনতা আমার বাসায় হামলা চালায়। এ সময় আমার বাসায় থাকা সামিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে তারা। পরে বিক্ষুব্ধরা আমার পুরো বাড়ি লুটপাট করে।”

অপরদিকে, চৌদ্দগ্রামে বিক্ষুদ্ধ জনতা থানায় হামলা করতে গেলে আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে জামশেদ হোসেন নামে এক তরুণের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।