২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

বিভিন্ন আইনে ওই চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা হয়।

ফরিদপুরে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 10:03 PM

Updated : 09 Aug 2023, 10:03 PM

ফরিদপুরে মিষ্টির দোকানসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা এবং তিতুমীর বাজার এলাকায় অভিযান চালানো হয় বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান দুটিতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

মো. সোহেল শেখ বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থিত মেসার্স ইরিনা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেন।

“নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর ৩৯ ধারায় বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য গুদামজাত, মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয় “

তিনি আরও বলেন, “নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয়। দই ওজনে কম দেওয়া এবং মিষ্টির মোড়কে পণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদকাল না থাকায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এছাড়া অভিযানে শহরের তিতুমীর বাজারে মেসার্স মনিরা স্টোরকে ডিমের দাম বেশি রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা এবং মেসার্স আব্দুর রব এন্টারপ্রাইজকে খাদ্যপণ্যে  মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করাযয় তিন হাজার টাকা জরিমানা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট সর্বমোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।