২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের

প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে একজন চেয়ার তুলে অন্যজনকে মারতে যান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 10:44 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

খুলনার কয়রা থানার দুই এসআইয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মাথা ফেটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে বলে  কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্লাস্টিকের চেয়ার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাদের থানার এসআই নিরঞ্জন মন্ডল ও এসআই মো. মাসুম । এতে মাসুমের মাথায় আঘাত লাগে। 

ওসি বলেন, “আমি শুনেছি, মাসুম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

“এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই মাসুম শুক্রবার দুপুরের খাবার খেতে একটি হোটেলে বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে যান। তিনি মাসুমকে গালিগালাজ করতে থাকেন। নিরঞ্জন এক পর্যায়ে চেয়ার তুলে মাসুমকে মারতে যান। মাসুমও চেয়ার তোলেন। মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায়। 

পরে হোটেলে থাকা লোকজন তাদের শান্ত করেন। 

মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে দুই এসআইয়ের মধ্যে এ ঘটনা ঘটে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে জানতে দুই এসআইয়ের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।