পুলিশের সঙ্গে সংঘর্ষ: চেয়ারম্যানের সমর্থকসহ আসামি ৪
পুলিশ জানায়, আসামিদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।আর দুজন পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
পাবনার সুজানগর উপজেলায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।
সুজানগর থানায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন বলে পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান।
আসামিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন-সুজানগরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থক মতিন শেখ (৫০)।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুজানগর পৌর এলাকার কালীর মোড়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহীনুজ্জামানের সমর্থকদের সঙ্গে আরেক চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সমর্থকদের প্রথমে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যায় শাহীনুজ্জামানের সমর্থকরা ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের বাড়িতে হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শাহীনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ গুলি ছুঁড়লে ওই এলাকার বাদশা প্রামাণিক ও মতিন শেখ গুলিবিদ্ধ হয়।আহত হয় আরও কয়েকজন।পরে গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার রাতে গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।আর দুজন পুলিশের হেফাজতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
