২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

পুলিশ জানায়, দুই শিশুকে নিয়ে ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 08:34 PM

Updated : 30 Oct 2022, 08:34 PM

জয়পুরহাটে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার সকালে সদর উপজেলার জয়পুরহাট-বদলগাছী সড়কের দুর্গাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান। 

নিহত পাঁচ বছর বয়সী আনিকা বুশরা রিশা নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের শাহীনের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সিরাজুল জানান, সকালে মেয়ে রিশা ও একই গ্রামের আব্দুল আলিমের পাঁচ বছর বয়সী ছেলে জু্নাইদ মোতাসিম বিল্লাহকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন খাদিজা আক্তার (২৮)। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়। 

আইনগত প্রক্রিয়া শেষে বিকালে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি সিরাজুল।