Published : 08 Jun 2026, 07:41 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে প্রতিদিন মেঘনা নদীর ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে তিনি গন্ধর্বপুরে ঢাকার ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প পরিদর্শনকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “ঢাকার জন্য আগে মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হতো। অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর প্রায় এক হাজার মিটার নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেই সংকট মোকাবিলায় মেঘনা নদীর পানি পরিশোধন করে দুই সিটিতে সরবরাহ করা হবে।”
তিনি বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, প্রকল্পটি চালু হলে প্রতিদিন ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। একই ধরনের আরও একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তা হলে মোট ১০০ কোটি লিটার পানি প্রতিদিন ঢাকার দুই সিটিতে দেওয়া সম্ভব হবে।
এদিন সকালে মির্জা ফখরুল প্রকল্প সংক্রান্ত একটি সভায় অংশ নেন এবং পরে নির্মাণকাজ পরিদর্শন করেন।