Published : 12 Sep 2025, 03:45 PM
সিরাজগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার সড়কের পাশের দোকানে ধাক্কা দিলে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
ঘটনার পর প্রায় ৬ ঘণ্টা সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৬টা দিকে সড়কের কাশিয়াহাটা এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মোখলেছুর রহমান।
দুর্ঘটনায় নিহত হাফিজুল ইসলাম (৩৫) কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত আমিরুল ইসলাম (৪৫) একই এলাকার মদিনা প্রামাণিকের ছেলে।
ওসি মোখলেছুর রহমান বলেন, “শুক্রবার ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে অজ্ঞাত দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেটকারে কড্ডার দিকে যাচ্ছিলেন।
“ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ভেঙে যায় এবং সেখানে বসে থাকা হাফিজুল ইসলাম ও আমিরুল ইসলাম গুরুতর আহত হন।”
গুরতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধারের পর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে হাফিজুলের মৃত্যু হয়।
আহত আমিরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা বগুড়ায় নিয়ে গেছেন।
ওসি আরও বলেন, “ঘটনার পর প্রাইভেটকারের দুই আরোহী রাকিব ও তৌকির পাশের মসজিদে গিয়ে আশ্রয় নেন। প্রাইভেটকারের চালক সোহার্দ ও অজ্ঞাত দুই নারী পালিয়ে গেছে। তবে তারাও আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।”
এদিকে দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজন জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ অবস্থায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে সেনাবাহিনীর সহায়তায় দুপুর ১টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে সড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান ওসি।
ওসি মোখলেছুর রহমান বলেন, মসজিদে আশ্রয় নেওয়া রাকিব ও তৌকিরকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।